গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) রাত পৌনে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানার মাছিমপুর কলাবাগান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আবুল কালাম (২৭) জামালপুরের মেলান্দহ উপজেলার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। গ্রেফতার পিপাসা আক্তার (২১) একই উপজেলার আব্দুল করিমের মেয়ে।
পুলিশ জানায়, প্রায় এক মাস আগে জীবিকার সন্ধানে আবুল কালাম ও পিপাসা আক্তার টঙ্গীতে এসে মাছিমপুর কলাবাগান বস্তিতে একটি ভাড়া বাসায় ওঠেন। আবুল কালাম অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
সোমবার রাতে বাসায় ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পিপাসা আক্তার ওড়না দিয়ে আবুল কালামের গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর স্থানীয় লোকজন পিপাসা আক্তারকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আবুল কালামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে গ্রেফতার নারীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ভাই হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।



