পবিত্র ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সাধারণ মানুষের সাথে গণসংযোগের লক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বরাইদ ইউনিয়নে রোববার (২২ মার্চ) দুপুর সারে ১২টার দিকে সাভার গ্রামের মো: শাকের আলীর বাড়িতে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাটুরিয়া উপজেলা আমির মো: আবু সাঈদ (বিএসসি)।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের আয়োজিত এই সাক্ষাৎ অনুষ্ঠানে উপজেলা আমির মো: আবু সাঈদ স্থানীয় ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং সাধারণ মুসুল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বরাইদ ইউনিয়নে এক সভায় তিনি বলেন, ‘ঈদ আমাদের মাঝে যে ভ্রাতৃত্ব ও ত্যাগের শিক্ষা দিয়ে গেছে, তা সারা বছর আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বজায় রাখতে হবে। একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
মতবিনিময় সভায় তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে জামায়াতে ইসলামীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সেই সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরাইদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অত্র ইউনিয়নের সভাপতি মো: আব্দুছ ছাত্তারকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলা শাখার মজলিশে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোসলে উদ্দিন, বরাইদ ইউনিয়ন শাখার সভাপতি ও বরাইদ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুছ ছাত্তার, সাধারণ সম্পাদক মো: আমিনুর রহমান, ৪নম্বর ওয়ার্ড সভাপতি মো: লাল মিয়া, ৫নম্বর ওয়ার্ড সভাপতি মো: সোনালী, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা শিবির সেক্রেটারি মো: নুরুল আমিন, বরাইদ ইউনিয়ন সাবেক শিবির সভাপতি মো: রুবেল হোসেন ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



