সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ বলেছেন, ‘তালা-কলারোয়ার মানুষ শান্তিতে বসবাস করতে চায়। চাঁদাবাজি, হয়রানি ও মিথ্যা মামলা থেকে মুক্তি চায়। নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সবাই মিলে উন্নয়ন করতে চাই। তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে তালা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এমপি মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ‘সাংবাদিক হলো সমাজের দর্পণ। একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। সমাজের সকল অত্যাচার, নির্যাতন, অসঙ্গতি, অপরাধ, অপরাধীর তথ্য সাংবাদিকরা লেখনীর মাধ্যমে তুলে ধরেন। সাংবাদিকদের ওপর অর্পিত দ্বায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তবে অসত্য, অতিরঞ্জিত, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারে নিরুৎসাহিত করেন তিনি।
তিনি বলেন, ‘সাংবাদিকদের লেখনি হতে হবে মানব কল্যাণের জন্য। আপনাদের উচিৎ হবে সঠিকভাবে তুলে ধরা। আপনারা আমারও বিরুদ্ধে লিখতে পারবেন তবে আমার বক্তব্যটাও নিবেন। যাতে আমি নিজেও সংশোধন হতে পারি।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে ও পাটকেলঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সরদার ইয়াছিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা: মাহমুদুল হক।
বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবেক আমির ডা: আফতাব উদ্দীন, জামায়াতের তালা উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক প্রমুখ।
এর আগে সকাল ১০টার দিকে নবনির্বাচিত এমপি তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।



