দ্রুত বিশ্ববিদ্যালয় চালুর দাবি

চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ইস্যুতে আলিম লস্করের বিরুদ্ধে ওলামা দলের সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশকে কেন্দ্র করে আলিম লস্করের বিরুদ্ধে নানা অনিয়ম ও চক্রান্তের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে চুয়াডাঙ্গা জেলা ওলামা দল।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
চুয়াডাঙ্গা ওলামা দলের সংবাদ সম্মেলন
চুয়াডাঙ্গা ওলামা দলের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশকে কেন্দ্র করে আলিম লস্করের বিরুদ্ধে নানা অনিয়ম ও চক্রান্তের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে চুয়াডাঙ্গা জেলা ওলামা দল। একই সাথে বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম দ্রুত চালুর জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো: শাফি।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আলিম লস্কর ইসলামিক পোশাক ও ধর্মীয় পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল এবং অবৈধ আর্থিক সুবিধা অর্জনের চেষ্টা করছেন। এছাড়া তাবলিগ জামাতের নাম ভাঙিয়ে ধর্মপ্রাণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়।

বক্তারা আরো বলেন, অতীতে হানুরবাড়াদী এলাকায় বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তার পেছনে আলিম লস্কর ও তার সহযোগীরা জড়িত ছিলেন। মূলত একটি চক্র বিশ্ববিদ্যালয়টি দখল ও এর শিক্ষা কার্যক্রম ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহ্বায়ক মো: আনোয়ার হোসেন বলেন, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করা এবং প্রতিষ্ঠানটিকে যেন কেউ দখল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক করা।

তিনি অভিযোগ করেন, আলিম উদ্দিন লস্কর নিজেকে বিশ্ববিদ্যালয়ের মালিক দাবি করে যেসব সংবাদ সম্মেলন করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রত্যাখ্যানযোগ্য। দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম মনি বলেন, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চুয়াডাঙ্গার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি দখলের যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে।

শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ভোগান্তিতে পড়েছেন জানিয়ে তিনি দ্রুত সঙ্কট সমাধানের আহ্বান জানান এবং প্রতিষ্ঠানটিকে সমৃদ্ধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মাহাবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, সদর উপজেলা ওলামা দলের সভাপতি মো: রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: শরিফুজ্জামান সুমন, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো: শাহ কলম, দামুড়হুদা উপজেলা ওলামা দলের সভাপতি মো: আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মো: আব্দুল কুদ্দুসসহ জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা ওলামা দলের স্থানীয় নেতারা।