রাউজানে ৩ দিনের ব্যবধানে আবারো বিএনপি নেতা খুন

পুলিশ সূত্রে জানা গেছে, নাছির উদ্দীনের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে। স্থানীয়ভাবে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আছে। কয়েক মাস আগে তিনি কুপিয়ে গুরুতর আহত হয়েছিলেন, তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন।

ওমর ফারুক, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
নাছির উদ্দীন (৫৫)
নাছির উদ্দীন (৫৫) |নয়া দিগন্ত

চট্টগ্রামের রাউজানে তিন দিনের ব্যবধানে আবারো গুলিতে নাছির উদ্দীন (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নিজ বাড়ির কাছেই সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, মাটি ও পাহাড় কাটা, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাছির উদ্দীনের সাথে জানে আলম ওরফে ডাকাত আলমের দীর্ঘদিনের বিরোধ ছিল। এ বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত নাছির উদ্দীন কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়ার বাসিন্দা এবং তিনি বিএনপিতে সক্রিয় ছিলেন। এছাড়া তিনি স্থানীয় এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাছির উদ্দীনের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে। স্থানীয়ভাবে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আছে। কয়েক মাস আগে তিনি কুপিয়ে গুরুতর আহত হয়েছিলেন, তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নাছিরকে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। সাম্প্রতিক দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, গত শুক্রবার রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউসার উর জামান বাবলু নামে আরো এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।