ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে আহত ১০, সড়ক অবরোধ

শুক্রবার (১৯ জুন) সকাল ৯টার দিকে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এ বিস্ফোরণ ঘটে। পরে ১১টা থেকে রাস্তা অবরোধ করা হয়।

Location :

Narayanganj
বিস্ফোরণে ক্ষয়ক্ষতি
বিস্ফোরণে ক্ষয়ক্ষতি |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি ফতুল্লা সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টস কারখানায় বয়লার বিস্ফোরণে ১০ থেকে ১২ জন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ঘণ্টাখানেক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (১৯ জুন) সকাল ৯টার দিকে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এ বিস্ফোরণ ঘটে। পরে ১১টা থেকে রাস্তা অবরোধ করা হয়।

বিস্ফোরণে আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন, শাহীন (২৫), জাকির হোসেন (২৫), ক্লিনার সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও অন্তঃসত্ত্বা খাদিজা (২০)।

শ্রমিকরা জানান, কারখানার বয়লারটি অনেক পুরনো। মালিকপক্ষকে বারবার অনুরোধ করা হয়েছে বয়লারটি পাল্টানোর। কিন্তু মালিকপক্ষের কেউ শ্রমিকদের অনুরোধ রাখেনি। সেই বয়লারে সকাল ৯টার দিকে শ্রমিকরা যখন কাজে ব্যস্ত তখন এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে একজন অন্তঃসত্ত্বা নারী শ্রমিকসহ সাতজন আহত হন।

তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শ্রমিকরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করে আহতদের চিকিৎসার দায়িত্ব নেয়ায় সড়ক অবরোধ ছেড়ে দেয়া হয়। একইসাথে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এমন মেশিন কারখানা থেকে পাল্টানোর আশ্বাস দিয়েছে মালিকপক্ষ।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকদের অনুরোধ শুনলে কারখানায় এমন দুর্ঘটনা ঘটতো না। মালিকপক্ষও আমাদের জানিয়েছে তারা দ্রুতই বয়লারটি পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছেন। অর্থনৈতিক কারণে বয়লারটি তাৎক্ষণিক পাল্টানো হয়নি। কারখানাটিতে প্রায় ৪০০ শ্রমিক ও ৫০ জন স্টাফ রয়েছে। কারখানার মালিক নুরুল আমিন সুমনের সাথে শ্রমিকদের নিয়ে আলোচনা করে সমাধান করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা কাজে ফিরে গেছে।