কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস শামীমা আক্তার জাহান।
আলোচনা সভায় এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে তিনি প্রশাসনের পাশে থাকবেন। বিভিন্ন দফতরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু সিদ্দিক, উপজেলা বিএনপি নেতা ফারহান উদ্দিন আহমেদ পাশা এবং উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিশিষ্টজন ও বীর মুক্তিযোদ্ধারাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।



