জীবননগরে অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার

বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ২২০ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করেন। উদ্ধারকৃত ডিএনএ টেস্ট কিটের বর্তমান বাজার মূল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
অভিযানে উদ্ধার করা ভারতীয় ডিএনএ টেস্ট কিট
অভিযানে উদ্ধার করা ভারতীয় ডিএনএ টেস্ট কিট |ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করেছেন। উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের দাম প্রায় ৫১ লাখ ৭০ হাজার টাকা।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাপুর এলাকার একটি ভুট্টা ক্ষেতের পার্শ্ববর্তী স্থান থেকে এসব কিট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জীবননগরের রাজাপুর বিওপি ক্যাম্পের নায়েব সুয়েব সুবেদার মঙ্গলবার সকালে সঙ্গীয় ফোর্সসহ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মো: শুকুর আলীর ভুট্টা ক্ষেতের পার্শ্ববর্তী স্থানে এ অভিযান চালানো হয়। সেখান থেকে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ২২০ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করেন। উদ্ধারকৃত ডিএনএ টেস্ট কিটের বর্তমান বাজার মূল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সঙ্ঘবদ্ধ চোরাচালান চক্র সীমান্ত দিয়ে অবৈধভাবে এসব সামগ্রী দেশে প্রবেশ করানোর উদ্দেশ্যে উক্ত স্থানে মজুদ করেছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করার লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত কিট কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর বিজিবির (৫৮ ব্যাটালিয়ন) সহকারী পরিচালক ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।