বগুড়ায় সয়াবিন তেল বিক্রিতে কারসাজির অপরাধে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। কৃত্রিম সঙ্কট তৈরি করে বাড়তি দামে তেল বিক্রির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে।
শনিবার (১১ এপ্রিল) বগুড়া শহরের রাজাবাজারে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
স্থানীয়রা জানান, সকাল থেকে শহরের বিভিন্ন দোকানে খোলা ও বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বলে খবর ছড়িয়ে পড়ে। একই সময়, বেশি দামে সয়াবিন তেল বিক্রির খবরও পাওয়া যায়। এ সময় লিটার প্রতি পাঁচ থেকে ১০ টাকা বেশি নিয়ে তেল বিক্রির খবর পেয়ে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মেহেদী হাসান বলেন, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স এ কে ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে, সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রির দায়ে মেসার্স মণ্ডল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, অভিযানকালে ব্যবসায়ীদের অতিরিক্ত পণ্য মজুত না করতে সতর্ক করা হয়েছে।



