রংপুরে টিবিসির পণ্য কালোবাজারে বিক্রি, ডিলারের কারাদণ্ড

টিসিবি ডিলার আলী হাসান মুন্নার বিরুদ্ধে ২০২০ সালের ডিসেম্বরে একটি মামলা হয়। মামলায় টিসিবির পণ্য ৪০০ কেজি চিনি, ৫৪ লিটার সয়াবিন তেল ও ২৮৮ কেজি পেঁয়াজ মজুদ করে কালোবাজারে বিক্রির অভিযোগ করা হয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
গ্রেফতার আলী হাসান মুন্না
গ্রেফতার আলী হাসান মুন্না |নয়া দিগন্ত

রংপুরে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) মালামাল কালোবাজারে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় আলী হাসান মুন্না (৩৫) নামে এক ডিলারকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান এই আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ডিলার আলী হাসান মুন্না নগরীর আলমনগর কলোনী এলাকার মরহুম এখলাক আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল হাদী বেলাল জানান, টিসিবি ডিলার আলী হাসান মুন্নার বিরুদ্ধে ২০২০ সালের ডিসেম্বরে একটি মামলা হয়। মামলায় টিসিবির পণ্য ৪০০ কেজি চিনি, ৫৪ লিটার সয়াবিন তেল ও ২৮৮ কেজি পেঁয়াজ মজুদ করে কালোবাজারে বিক্রির অভিযোগ করা হয়। দীর্ঘ তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। সাতজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আজ এই আদেশ দিলেন। আদেশে ১৪ বছরের কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চার মাসের কারাদণ্ডাদেশ দেন বিচারক।

তিনি আরো জানান, এর মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। টিসিবিসহ কোনো পণ্য মজুদ ও কালোবাজারে বিক্রিতে কোনো ব্যবসায়ী আার সাহস পাবে না।

বিবাদী পক্ষের আইনজীবী জানান, রায়ের কাগজ দেখে উচ্চ আদালতে আপিল করা হবে।