মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় জামায়াত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের বড় ভাই আতিকুল ইসলাম গুরুতর আহত ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, শিবির নেতা তারেক, আব্দুল্লাহ, এনসিপির নেতাসহ অন্তত ১০ জন আহত হন। তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট হাসপাতালে পাঠানো হয়।
হামলায় আহত তারেক রহমান জানান, চাকু দিয়ে দুইজনকে স্টেপ করা হয়। এছাড়া কয়েকজন দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন।
জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান বলেন, ‘আমাদের ওপর হামলা হয়। আমি নিজেও আহত হই তাদের হামলায়। এ ঘটনায় আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।’
এদিকে হামলার খবর শুনে এবং অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাতে জুড়ী থানার সামনে অবরোধ করেন জামায়াত নেতাকর্মীরাসহ সাধারণ জনতা।
জুড়ী থানার ওসি মিনহাজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’
বিক্ষোভকারীদের সামনে উপস্থিত হয়ে ইউএনও মো: মারুফ দস্তেগীর অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেন। পরে বিক্ষোভকারীদের উদ্দেশ্য কথা বলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারুফ দস্তেগীর।
তিনি বলেন, ‘যে দুঃখজনক ঘটনা ঘটেছে এ ঘটনার জন্য ইতোমধ্যে মামলা ফাইল করার কার্যক্রম চলমান রয়েছে। মামলা ফাইল হবার পরে পুলিশ অপরাধীদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।’



