বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সঙ্কট হবে না : খাদ্যমন্ত্রী

‘বিদেশ থেকে আমদানিকৃত চালের গুণগত মান যাচাই-বাছাই ছাড়া তা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে না। এজন্য চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়েছে।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করছেন খাদ্যমন্ত্রী
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করছেন খাদ্যমন্ত্রী |নয়া দিগন্ত

কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদবিষয়ক মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, ‘বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাব পড়লেও দেশে খাদ্য সঙ্কটের আশঙ্কা নেই। আগামী জুন-জুলাই পর্যন্ত দেশের খাদ্য মজুদ রয়েছে এবং আমদানির চেয়ে দেশীয় উৎপাদনই বেশি।’

তিনি বলেন, ‘যুদ্ধের প্রভাব সারা বিশ্বেই পড়বে। তবে এতে আমাদের দেশে খাদ্যের কোনো সঙ্কট হবে না। আমরা যে পরিমাণ খাদ্য আমদানি করি, তার চেয়ে বেশি উৎপাদন করি। ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, যা কৃষি উৎপাদন আরো বাড়াতে সহায়ক হবে।’

বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে আমদানিকৃত চালের গুণগত মান যাচাই-বাছাই ছাড়া তা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে না। এজন্য চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়েছে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ রেজা হাসান, জেলা খাদ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।