মাগুরায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাজার তদারকি করলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা পুরাতন বাজার পরিদর্শনকালে চাউল, মাছ, গোশত, ডিম ও সবজির দোকানগুলোতে ব্যবসায়ীদের সাথে তিনি কথা বলেন এবং বাজারে আসা ক্রেতাদের অভিযোগ ও অভিজ্ঞতা শোনেন।
এ সময় সদ্য বিজয়ী সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সঠিক ও ন্যায্যমূল্যে বিক্রির আহ্বান জানান।
এরপর তিনি ঢাকা রোড এলাকা ও ভায়নার মোড় এলাকায় ফলের দোকানগুলোতে বেশি দামে ফল বিক্রয় হচ্ছে কি না তার খোঁজখবর নেন।
এ সময় মনোয়ার হোসেন খান বলেন, রমজান ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার মাস। এ মাস কেবল ক্ষুধা-পিপাসা সহ্য করার নাম নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়া ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করার শিক্ষা দেয়।
তিনি আরো বলেন, বাজার মনিটরিংয়ের বিষয়ে স্বয়ং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তা দিয়েছেন। প্রতিবছর রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে অধিক মুনাফা অর্জনের চেষ্টা করে, যা অনৈতিক এবং স্বল্প আয়ের মানুষের প্রতি জুলুমের শামিল।
এ ধরনের কারসাজি ইসলামের শিক্ষার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।
অসাধু ব্যবসায়ীদের উদ্দেশে সতর্কবার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন, আমরা জনগণের সেবক—শাসক নই। জনগণ আমাদের ভোট দিয়েছে সেবা করার জন্য। আমরা যদি মানুষের ভালো সেবা দিতে পারি, তাহলে পাঁচ বছর নয়, আরো দীর্ঘ সময় মানুষের আস্থা নিয়ে কাজ করতে পারবো। দুনিয়ার সাময়িক লাভের জন্য আখেরাতের ক্ষতি ডেকে আনা উচিত নয়। একদিন আল্লাহর কাছে সবাইকে হিসাব দিতে হবে।


