সিরাজগঞ্জের রায়গঞ্জে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
শনিবার (২৭ জুন) সকালে উপজেলার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা উজ্জ্বল কুমার মাহাতোর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলার তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনার আওতায় প্রত্যেককে পাঁচ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, জলাবদ্ধতার কারণে অনাবাদি হয়ে থাকা জমিগুলোকে পুনরায় চাষাবাদের আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকার কৃষিজমির তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।



