চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর বাংলাবাজার ঘাটে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে ইছানগর বাংলাবাজার ঘাটে শত শত যাত্রী, এলাকার সচেতন ছাত্রসমাজ ও স্থানীয়দের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধির কারণে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। পূর্বে ১৫ টাকা ভাড়ায় এক লিটার তেলে ৪-৫ বার যাত্রী পারাপার করা যেত। এক ট্রিপে ১০ জন যাত্রী নিয়ে ১৫ টাকা করে ১৫০ টাকা আদায় করা হতো। ঘাটের খাস কালেকশন পরিশোধের পরও মাঝিরা পর্যাপ্ত আয় করতেন। কিন্তু খাস কালেকশন ও তেলের দাম বৃদ্ধির অজুহাতে ভাড়া ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
তারা আরো বলেন, অতিরিক্ত লাভের জন্যই ভাড়া বাড়ানো হয়েছে। কারণ, যাত্রী পারাপারের পাশাপাশি ঘাটে বিভিন্ন মালামাল লোড-আনলোড বাবদ অর্থ উপার্জন করা হয়। এছাড়া পার্শ্ববর্তী শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকেও নিয়মিত অর্থ পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাবাজার ঘাটের এক মাঝি বলেন, ভাড়া বৃদ্ধির পর বর্তমানে যাত্রীর সংখ্যা কমে গেছে। আগে ঘাটের আয় দিয়েই খাস কালেকশনের অর্থ পরিশোধে তেমন সমস্যা হতো না। এখন ভাড়া বাড়িয়ে আমাদের কাছ থেকেও অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তবে এ অর্থ কোথায় ব্যয় হচ্ছে, সে বিষয়ে কারও কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।
দুরন্ত দুর্বারের সাবেক সভাপতি ও যাত্রী কল্যাণ পরিষদের সমন্বয়কারী লায়ন মুছা সিকদার বলেন, প্রায় এক মাস আগে সাম্পান ভাড়া নিয়ে সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশনের সভাপতি, ব্রিজঘাট, বাংলাবাজার ঘাট ও সদরঘাটের সভাপতিদের সাথে এলাকার ছাত্রসমাজ, সামাজিক সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা হয়েছিল। ওই বৈঠকে আগামী তিন মাস ভাড়া বৃদ্ধি না করার সিদ্ধান্ত হয়। এ সময়ের মধ্যে ঘাটসংক্রান্ত সমস্যাগুলো নিয়ে সংসদ সদস্য ও সিটি করপোরেশনের মেয়রের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। কিন্তু বাংলাবাজার সাম্পান সমিতির সভাপতি লোকমান দয়াল ওই সিদ্ধান্ত উপেক্ষা করে একতরফাভাবে ভাড়া বৃদ্ধি করেছেন, যার ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এ সময় উপস্থিত বিক্ষোভকারীরা ‘মানি না, মানব না—২০ টাকার ভাড়া প্রত্যাহার করতে হবে’ স্লোগান দেন। পাশাপাশি অনতিবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহার না করলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।



