মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রায় ২০১ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৩০ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করে ৫ কোটি ৭২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৭০৮ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০০ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা।
পরে জব্দকৃত অবৈধ জালগুলো লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং ট্রাকচালক ও হেলপারকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেয়া হয়।
তিনি আরো জানান, মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



