জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকার আশুলিয়ায় দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল থেকে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট আয়নাল মার্কেট এলাকার তালীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: নুরুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ ও ওজন পরিমাপসহ স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
তালীমুল কুরআন ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ ক্বারি মো: খায়রুল ইসলামের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আলিফ আফরা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম মাহমুদ, যুবদল নেতা লিটন, মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানের উদ্বোধক নূরুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের চেতনা ধারণ করে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’
সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।



