বরগুনার পাথরঘাটায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র এলাকায় অভিযানে মেসার্স গাজী স্টোর থেকে এ ডিজেল জব্দ করা হয়। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জব্দকৃত ডিজেল পাথরঘাটার মাছধরা ট্রলারগুলোর জন্য সংরক্ষিত ছিল। তবে জেলেদের অভিযোগ, মেসার্স গাজী স্টোরের স্বত্বাধিকারী মো: আব্দুল্লাহ গাজী অতিরিক্ত মুনাফার আশায় অবৈধভাবে ওই তেল মজুদ করে রেখেছিলেন। এতে জ্বালানি সঙ্কটে পড়ে অনেক জেলে সাগরে মাছ ধরতে যেতে পারেননি।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল উদ্ধার হওয়া ডিজেল সরকার নির্ধারিত মূল্যে ট্রলার মালিকদের কাছে বিক্রির নির্দেশ দেন। পাশাপাশি অবৈধভাবে জ্বালানি মজুত রাখার দায়ে মেসার্স গাজী স্টোরের স্বত্বাধিকারী মো: আব্দুল্লাহ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘জ্বালানির অভাবে দীর্ঘদিন ধরে পাথরঘাটার জেলেরা সাগরে মাছ শিকারে যেতে পারেননি। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ফিশিং ট্রলারের তালিকা অনুসারে রাতেই এসব ডিজেল বিক্রি করা হবে। সেইসাথে রাতেই জেলেরা মাছ ধরার জন্য সাগরে রওয়ানা দিবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, ‘জ্বালানি নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’



