গোপালগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ইসমাইল ইলাহীসহ তিন ছাত্রনেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ইসমাইল ইলাহী, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ফোরকান খান ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল্লাহ বিন হাবিব।
আহতদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ছাত্রশিবিরের ওই নেতারা কয়েকজন মিলে সদর উপজেলার খেলনা এলাকায় পদ্মবিলে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
ওসি বলেন, ‘হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
সংশ্লিষ্টদের দাবি, হামলার সময় কয়েকজন হামলাকারী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। ঘটনার পর সাবেক এক ছাত্রলীগ নেতার ফেসবুক পেইজে মোটরসাইকেলে আগুন দেয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে বলেও জানা গেছে। তবে হামলায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী হতে পারে বলে সংশ্লিষ্টদের কেউ কেউ ধারণা করছেন।
ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।



