বরিশালের উজিরপুরে এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগে কেন্দ্র সচিবসহ দু’জনকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন— হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো: ফারুক হোসেন ও সহকারী শিক্ষক খগেন মন্ডল।
অভিযোগ রয়েছে, অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২০২৫ সালের প্রশ্নপত্র না দিয়ে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী সুজা বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়ায় এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে ওই দু’জনকে বহিষ্কার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’



