যশোরে এমপি গোলাম রসুলের বাড়িতে দুর্বৃত্তদের হামলা

হামলাকারীরা এমপির বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। ইটপাটকেল মেরে জানালার কাঁচ ভেঙে দেয়।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
এমপি গোলাম রসুলের বাড়ি
এমপি গোলাম রসুলের বাড়ি |নয়া দিগন্ত

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুলের মেয়ের সাথে তুচ্ছ বিষয়ে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে তার বাড়ি ঘেরাও করে হামলা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়দের একটি অংশ বিক্ষোভ করছে।

হামলাকারীদের অভিযোগ, সোমবার এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদরাসাতুল শারইয়্যাহের এক শিশুকে মারপিট করে এমপি-এর মেয়ে। এটিকে পুঁজি করে ওই এলাকার কিছু দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এমপির বাড়িতে হামলা চালায়।

যদিও এলাকার অপর একটি অংশ বলছে স্রেফ ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে।

হামলাকারীরা এমপির বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। ইটপাটকেল মেরে জানালার কাঁচ ভেঙে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘এমপির মেয়ের সাথে মাদরাসা কর্তৃপক্ষের একটি ঝামেলা হয়েছে। আমরা উভয়পক্ষের সাথে বসে সমাধান করার চেষ্টা করছি।’