লক্ষ্মীপুরের কমলনগরে বাড়ির পাশের ঝোঁপ থেকে ছালেহা বেগম (৫৫) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) দুপুরের দিকে বাড়ির পাশে একটি মাঠে খেলতে গিয়ে শিশুরা পরিত্যক্ত ঝোঁপের মধ্যে ওই নারীর লাশ দেখতে পায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার থেকে ওই বৃদ্ধা নারীকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকারের লোভে দুর্বৃত্তরা তাকে অপহরণের পর হত্যা করে স্বর্ণালংকার লুট করে নেয়।
নিহতের তিন ছেলে ইসমাইল, আরিফ ও শরীফ সৌদি আরবে প্রবাসী। তিনি মরহুম শাহজাহানের স্ত্রী বলে জানা গেছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশের হাতে, গলায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রকৃত ঘটনা জানার জন্য তদন্ত চলছে।’



