ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ৮-১০টি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার ( ১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াপাড়া গ্রামের মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন জানান, মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রামটিতে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, জালিয়াপাড়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



