নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক বৃদ্ধকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের সূর্যবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওয়াজেদ আলী (৬৫) উপজেলার সূর্যবাড়ি গ্রামের তছির উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে নাটোর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াজেদ আলী সূর্যবাড়ি মাদরাসার পাশের একটি দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন তাকে হাতুড়ি ও রড দিয়ে মারধর করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায়।
আহত ওয়াজেদ আলী বলেন, “জামায়াতকে ভোট দিয়েছি—এমন সন্দেহে তারা আমাকে মারধর করেছে। আমি কোনো দল করি না। যুবক বয়সে বিএনপি করতাম, কিন্তু এখন কৃষিকাজ করেই জীবনযাপন করি।”
অভিযোগে বলা হয়েছে, সূর্যবাড়ি গ্রামের আয়ুব আলীর ছেলে ছাত্রদল নেতা জনি হোসেন, সাত্তারের ছেলে ছাত্রদল কর্মী বরকত আলী, আকবর আলীর ছেলে বিএনপি নেতা আক্কাস আলীসহ ৭-৮ জন এ হামলায় জড়িত ছিলেন।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”



