পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার পূর্বধলায় নদী থেকে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলা ইউনিয়নের হাটখলা বাজার সংলগ্ন কালিহরকান্দা নদীর ব্রিজের কাছে থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কালিহরকান্দা নদীতে নবজাতকের লাশ ভেসে যেতে দেখা যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো শার্টে মোড়ানো ইট দিয়ে বাঁধা নবজাতকের লাশ উদ্ধার করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কে বা কারা নবজাতকের লাশ নদীতে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



