বিএসপিএসটির সভাপতি হলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া

দেশের ফসল উদ্ভিদ বিজ্ঞান, গবেষণা ও কৃষি শিক্ষার অগ্রযাত্রায় অবদান রাখার প্রত্যয়ে গঠিত বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএসপিএসটি) নতুন নেতৃত্বে এসেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন ড. মো: আব্দুল বাছেত মিয়া।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
বিএসপিএসটির সভাপতি হলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া
বিএসপিএসটির সভাপতি হলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া |নয়া দিগন্ত

দেশের ফসল উদ্ভিদ বিজ্ঞান, গবেষণা ও কৃষি শিক্ষার অগ্রযাত্রায় অবদান রাখার প্রত্যয়ে গঠিত বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএসপিএসটি) নতুন নেতৃত্বে এসেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন ড. মো: আব্দুল বাছেত মিয়া।

তিনি সংগঠনটির ২০২৬-২০২৮ মেয়াদের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

গত ৩ জুন থেকে শুরু হওয়া কার্যক্রমের ধারাবাহিকতায় সংগঠনের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শ্রীপতি শিকদার ও ড. মো: সাজ্জাদুর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ড. মো: মাহবুব ইসলাম ও অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো: নেছার উদ্দীন।

এছাড়া প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. কামরুন নাহার, যুগ্ম প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. দিবেশ দাস এবং সেমিনার ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে অধ্যাপক ড. মো: সবিবুল হক নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো: হাবিবুর রহমান প্রামাণিক, অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান বাহাদুর, অধ্যাপক ড. মো: আব্দুল কাইয়ুম, ড. মোসা: সালমা পারভীন, মো: মোশারফ হোসেন, ড. মীরা রানী দাস, হায়দার ইকবাল খান, ড. মো: শরিফুল ইসলাম, ড. বাবুল আক্তার ও ড. এ. এফ এম শামিম আহসান।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো: আব্দুল বাছেত মিয়া বলেন, ‘উদ্ভিদ বিজ্ঞান শুধু একটি অ্যাকাডেমিক শাখা নয়, এটি দেশের খাদ্যনিরাপত্তা, কৃষির স্থায়িত্ব ও ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি। বিএসপিএসটিকে জ্ঞান, গবেষণা ও পেশাগত উৎকর্ষতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। তরুণ বিজ্ঞানীদের সম্ভাবনার বিকাশ এবং গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়াই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।’

সংগঠন সূত্রে জানা যায়, বিএসপিএসটির মূল লক্ষ্য হলো ফসল উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন শাখার শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের মধ্যে কার্যকর যোগাযোগ ও পেশাদার নেটওয়ার্ক তৈরি করা। পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা, বিজ্ঞানীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ আয়োজন এবং কৃষি খাতে নতুন জ্ঞান প্রয়োগে ভূমিকা রাখা।

জাতীয় ও বৈশ্বিক কৃষি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, গবেষণাধর্মী প্রকাশনা, জার্নাল, ম্যাগাজিন, পুরস্কার, বৃত্তি ও সনদ প্রদানের মাধ্যমে উদ্ভিদ বিজ্ঞানের বিকাশে কাজ করছে সংগঠনটি।

উল্লেখ্য, গাকৃবির প্রখ্যাত ক্রপ বোটানিস্ট ও লেখক অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত মিয়া কৃষি শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তিনি ‘এ টেক্সট বুক অব এমব্রায়োলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অব ক্রপ প্ল্যান্টস’, ‘মরফোলজি অ্যান্ড ট্যাক্সোনমি অব ক্রপ প্ল্যান্টস’ এবং ‘নিউট্রিশনস অব ক্রপ প্ল্যান্টস’সহ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন।