ঠাকুরগাঁওয়ে বিশেষ চাহিদাসম্পন্ন, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের নিয়ে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে কর্নেট সাংস্কৃতিক সংসদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটি সদর উপজেলার মলানী এলাকার একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের দুই শতাধিক শিশুর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে।
এ সময় সংগঠনটির সহ-সভাপতি বেগম আনার কলি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলামসহ প্রতিষ্ঠানটির শিক্ষক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।
এর আগে গত রোববার বিকেলে শহরের টিএফসি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্নেট সাংস্কৃতিক সংসদের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম সিদ্দিক বাবুর সভাপতিতে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
কর্নেটের সহ-সভাপতি বেগম আনার কলি জানান, ‘কর্নেট থেকে আমরা নানা সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে নানা কাজ করে আসছি। এবার আমরা বিশেষ চাহিদা সম্পন্ন, এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি। এসব শিশুদের নিয়ে আমাদের এ ধরনের কাজ চলমান থাকবে যা তাদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।
উল্লেখ্য, ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ঠাকুরগাঁওয়ের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বিশেষ অবদান রাখছে কর্নেট সাংস্কৃতিক সংসদ। কেবল বিনোদন নয়, বরং সংগঠনটি একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে নিরলসভাবে কাজ করছে।



