কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে আজ নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমির ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। চৌদ্দগ্রামবাসী ডা. শফিকুর রহমানের বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমিরের আগমনকে কেন্দ্র করে জামায়াত-শিবির নেতাকর্মীদের পাশাপাশি উজ্জীবিত হয়ে উঠেছে সাধারণ মানুষ। জনসভায় লক্ষাধিক জনতার উপস্থিতি জনসমুদ্রে পরিণত হওয়ার আশা প্রকাশ করেছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।
উপজেলা জামায়াত সূত্র জানায়, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে জোটের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের নির্বাচনী জনসভা উপলক্ষে এরই মধ্যে প্যান্ডেল তৈরিসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শীর্ষ নেতার আগমনকে স্বাগত জানিয়ে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে স্বাগত মিছিল ও গণসংযোগ করেছে। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে উপজেলা জামায়াতের উদ্যোগে বিশাল মিছিলে নেতৃত্ব দেন আমির মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নুর ইসলাম মোল্লা, উপজেলা শিবির সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মিছিলটি চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা থেকে শুরু হয়ে হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। এরআগে সকালে সমাবেশ সুশৃঙ্খল রাখতে শৃঙ্খলা কমিটির বৈঠক করেছে জামায়াত ও শিবির।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে জামায়াতের প্রার্থী ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। বিশেষ অতিথি হিসেবে আসবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, শিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লা সিগবা, ঢাকসু ভিপি সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।



