নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নিয়ামুল বছির (৪৮) নামে এক হজ অ্যাজেন্সির প্রতিনিধির লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে ওই লাশ উদ্ধার করে সান্তাহার জিআরপি থানা পুলিশ।
নিহত নিয়ামুল বছির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের নজিবর রহমানের ছেলে। তিনি নওগাঁয় মক্কা হজ অ্যাজেন্সির প্রতিনিধি ছিলেন।
নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, ভাই নিয়ামুল বছির মক্কা হজ অ্যাজেন্সির প্রতিনিধি হিসেবে নওগাঁ ও বাগমারায় অফিস বসিয়ে কাজ করে আসছিল। সেই সুবাদে সে পরিবার নিয়ে নওগাঁ সদর উপজেলার রজাকপুর এলাকায় বসবাস করত।
মঙ্গলবার (১৬ জুন) সকালে অফিসের কাজে বাড়ি থেকে বের হয়ে বাগমারা যায় নিয়ামুল। এরপর সন্ধ্যায় সে তার স্ত্রীকে মোবাইলফোনে জানায়, আত্রাই রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। নওগাঁ ফিরে এশার নামাজ আদায় করবে।
এরপর থেকে তার মোবাইলফোনে কল করলেও রিসিভ হয়নি। পরে রাতেই অনেক খোঁজাখুজি করেও নিয়ামুল বছিরের কোনো সন্ধান করতে পাওয়া যায়নি। এরপর আজ (বুধবার) সকালে জানতে পারি, আত্রাইয়ের শিমুলিয়া রেলক্রসিং এলাকার একটু অদূরে রেললাইনের পাশে একজনের লাশ পড়ে আছে।
আশরাফুল ইসলাম দাবি করে বলেন, নিয়ামুল বছিরকে কেউ পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে গেছে।
তিনি বলেন, নিয়ামুল বছিরের কাছে ব্যাগ, নগদ টাকা ও হাত ঘড়ি থাকলেও তা নেয়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটাস্থল থেকে নিয়ামুল বছিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে বেশ কয়েকটি আঘাতের ক্ষত রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে।



