প্রধানমন্ত্রীর হাত থেকে প্রাথমিক শিক্ষা পদক পেল রাণীনগরের রাফি

রাফির এ সাফল্যে রাণীনগর উপজেলাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সে উপজেলার কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

জাতীয় পর্যায়ে কুইজ (সাধারণ জ্ঞান) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ লাভ করেছে নওগাঁর রাণীনগর উপজেলার শিক্ষার্থী আব্দুর রাফি আহমাদ। বুধবার ঢাকায় আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার হাতে পদক ও সনদ তুলে দেন।

রাফির এ সাফল্যে রাণীনগর উপজেলাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সে উপজেলার কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার কুইজ (সাধারণ জ্ঞান) বিভাগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর গত ১৬ জুন অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায়ও প্রথম হয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে রাফি।

আব্দুর রাফি আহমাদের বাড়ি উপজেলার কালীগ্রাম দপ্তরিপাড়া গ্রামে। তিনি শিক্ষক দম্পতি আবু রায়হান ও রেহেনা বিবির একমাত্র সন্তান। তার বাবা আবু রায়হান সিলমাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মা রেহেনা বিবি কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রাফির এই কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু, উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জানান, এ বছর তাদের বিদ্যালয় থেকে দুই শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ১০০ মিটার দৌড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আব্দুল মতিন উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে। অন্যদিকে কুইজ প্রতিযোগিতায় আব্দুর রাফি আহমাদ উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার পর জাতীয় পর্যায়েও প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়ের জন্য বিরল গৌরব বয়ে এনেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন বলেন, রাফি শুধু বিদ্যালয়ের নয়, পুরো এলাকার গর্ব। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, রাফির এই অর্জন রাণীনগর উপজেলার জন্য অত্যন্ত গৌরবের। তার সাফল্যের পেছনে যাদের অবদান রয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ।

সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে রাফির হাতে প্রধানমন্ত্রীর পদক গ্রহণের মুহূর্তটি ছিল অত্যন্ত গর্বের। তিনি বলেন, তার নির্বাচনী এলাকার প্রতিটি বিদ্যালয়ে রাফির মতো মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।