পিরোজপুরের কাউখালীতে জ্বালানি তেলের হাহাকার। তেলের তীব্র সঙ্কট ও কৃত্রিম অভাব তৈরীর অপচেষ্টায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
উপজেলার বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে জ্বালানি তেলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন তেলের দোকানে পর্যাপ্ত ডিজেল ও অকটেন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন চালক এবং কৃষকরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন তেলের দোকানের সামনে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাওয়া যাচ্ছে না। অনেকে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।
ভুক্তভোগীরা জানায়, খুচরা বাজারে কিছু তেল পাওয়া গেলেও তা চড়া মূল্যে বিক্রি হচ্ছে।
এদিকে তেলের অভাবে অটোরিকশা, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে।
স্থানীয় এক মোটরসাইকেল চালক জানান, অনেক পাম্প ঘুরেও অকটেন পাইনি। বাধ্য হয়ে বেশি দামে দোকান থেকে তেল কিনতে হচ্ছে।
কৃষকদের দাবি দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক না হলে তাদের মাঠের ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ডিলাররা জানায়, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সঙ্কট তৈরি হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন তেলের এই কৃত্রিম সঙ্কট নিরসনে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এবং সরবরাহ নিশ্চিত করা জরুরি।
এদিকে সোমবার রাতে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান উপজেলার কলেজ মোড়ে মেসার্স শাফিন ট্রেডার্স নামে একটি তেলের দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।



