পবিত্র রমজান মাসের শেষ দশকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ময়মনসিংহ নগরীর বাড়েরা মাদানী নগরে অবস্থিত খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া মাদরাসা মসজিদে একসাথে প্রায় ৯০০ মুসল্লি ইতিকাফে বসেছেন। বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে ধর্মীয় আবহ ও ভক্তিময় পরিবেশ।
মসজিদ সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি স্থানীয় অনেক মুসল্লিও এবারের ইতিকাফে অংশ নিয়েছেন। ইতিকাফকারীদের জন্য ইফতার, সাহরি, থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা সার্বক্ষণিকভাবে মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছেন।
স্থানীয় মুসল্লি আব্দুল করিম বলেন, ‘রমজানের শেষ দশক অত্যন্ত ফজিলতপূর্ণ সময়। আমরা দুনিয়ার ব্যস্ততা থেকে কিছুটা দূরে থেকে আল্লাহর ইবাদতে সময় কাটানোর জন্য এখানে ইতিকাফে বসেছি। এত সংখ্যক মুসল্লিকে একসাথে ইতিকাফে দেখতে পেরে ভালো লাগছে।’
আরেক মুসল্লি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এখানে ইতিকাফের পরিবেশ খুবই সুন্দর ও সুশৃঙ্খল। নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির-আযকারের মধ্য দিয়ে সময় কাটছে। আয়োজকদের ব্যবস্থাপনাও প্রশংসনীয়।’
আয়োজকরা জানায়, রমজানের শেষ দশকে মুসল্লিরা মসজিদে অবস্থান করে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আযকার ও দোয়া-মোনাজাতে সময় অতিবাহিত করছেন।
উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া মাদরাসা মসজিদটি বর্তমানে এলাকায় আধ্যাত্মিক সাধনা ও ধর্মীয় কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি বছর রমজানের শেষ দশকে এখানে বিপুলসংখ্যক মুসল্লি ইতিকাফে অংশ নেন।



