রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে ২২তম রাজশাহী বিশ্ববিদ্যালয় নবীন বিতর্ক উৎসব ২০২৬-এর চূড়ান্ত পর্ব ও সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে এ বিতর্কের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) আয়োজিত এ প্রতিযোগিতায় ৩৯টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় আইন বিভাগের টিম এ্যাগোরা ও নৃবিজ্ঞান বিভাগের টিম ইনভিক্টাস। ‘এই সংসদ বাংলাদেশ বিদ্যুৎ সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির চেয়ে নবায়নযোগ্য জ্বালানিতে রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াবে’—বিষয়ে দুই দল যুক্তি-পাল্টা যুক্তিতে অংশ নেয়।
জমজমাট বিতর্ক শেষে আইন বিভাগের টিম এ্যাগোরা চ্যাম্পিয়ন এবং নৃবিজ্ঞান বিভাগের টিম ইনভিক্টাস রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক সালমান সাব্বির, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান লস্কর, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আঞ্জু, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি কাজী রবিউল আলমসহ গোল্ড বাংলাদেশের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
চূড়ান্ত পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা। গান, নৃত্য, আবৃত্তি, রম্য বিতর্ক ও শ্রুতিনাট্যসহ বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে মুক্তমঞ্চ। যুক্তিচর্চা ও সৃজনশীলতার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন।



