মেহেরপুরের গাংনী উপজেলার আজান ফুটবল মাঠে ফুটবল খেলার সময় রাব্বি আহমেদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গাংনী উপজেলার আজান ও সদর উপজেলার বুঁড়িপোতা গ্রামের কিশোরদের মধ্যে প্রীতি ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি আহমেদ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোঁতা গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মিজার উদ্দিনের ছেলে।
তার সতীর্থ খেলোয়াড় রাব্বি হোসেন ও রাকিবুল ইসলাম বলেন, খেলার সময় হঠাৎ রাব্বি খেলার মাঠে বসে পড়ে। পরে তার বুকে যন্ত্রণা শুরু হয়। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক নাহিদ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মূর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।



