ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের চাপ, অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে মানুষের ঘরমুখো ঢল চোখে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষার পরে ভোটাধিকার প্রয়োগের ইমেজ ও লম্বা ছুটিতে কর্মব্যস্ত নগর ছেড়ে সবাই বাড়িতে ছুটছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
স্ট্যান্ডসমূহে যাত্রীদের চাপ
স্ট্যান্ডসমূহে যাত্রীদের চাপ |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ের স্ট্যান্ডসমূহে যাত্রীদের চাপ বেড়েছে। গাড়ির সংখ্যাও কম। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ পরিস্থিতি লক্ষ্য করা যায়।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে মানুষের ঘরমুখো ঢল চোখে পড়েছে। তবে মানুষের তুলনায় গাড়ি কম থাকায় দ্বিগুন থেকে তিনগুন ভাড়া বেশী নিচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পরে ভোটাধিকার প্রয়োগের ইমেজ ও লম্বা ছুটিতে কর্মব্যস্ত নগর ছেড়ে সবাই বাড়িতে ছুটছে।

অলংকার, একেখান মোড়, ভাটিয়ারী, সীতাকুণ্ড, বড়তাকিয়া, মিরসরাই সদর, বারইয়ারহাট বাস কাউন্টারগুলোতে বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

যাত্রী স্কুল শিক্ষক মোহাম্মদ শরীফ বলেন, ‘সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছি। প্রায় তিন ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও গাড়ি পাইনি। পরে বাসায চলে আসি।’

শুধু শরীফ নয়, এভাবে গাড়ির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।

মিরসরাইয়ের বড়তাকিয়া বাসস্ট্যান্ডে অপেক্ষা করা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি কারখানায় কাজ করা জানে আলম বলেন, ‘অনেক বছর পর ভোট দিতে বাড়ি যাচ্ছি। গ্রামের বাড়ি টাঙ্গাইল যেতে সকাল থেকে কাউন্টারে অপেক্ষা করছি, কিন্তু বাস পাচ্ছি না। কীভাবে যাব চিন্তা করছি।’

চট্টগ্রাম বারইয়ারহাট রুটে চলাচল করা চয়েস পরিবহনের চালক জসীম উদ্দিন বলেন, ‘আজ অনেকটা ঈদের মত ভীড়। গাড়ি স্ট্যান্ডে দাঁড় করালে মুহূর্তে ভর্তি হয়ে যাচ্ছে। মানুষের চাপ বেশী তাই ভাড়া একটু বাড়তি নিচ্ছি। তাছড়া অনেকে আজ গাড়ি বন্ধ রেখেছে।’

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি বলেন, ‘সড়কে যাত্রীর চাপ বেশি। তবে সে তুলনায় গণপরিবহন কম। সড়কে কোনো যানজট নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’