খুলনায় মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী (৪১) নামে এক দিন মজুরের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৪মে) সকালে নগরীর কৈয়া বাজারের জয়খালী ব্রিজসংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদ থেকে এই লাশ উদ্ধার করা হয়। তার মাথার ডান পাশে ও কপালে ভারী বস্তু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে।
ডালিম গাজী কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় মুসল্লিরা কৈয়া বাজারের জয়খালী ব্রিজসংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদে ফজরের নামাজ পড়তে এসে মসজিদের বারান্দায় রক্তাক্ত লাশটি দেখতে পান। থানা পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
নগরীর হরিণ টানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘লাশের মাথার ডান পাশে কপালের ওপর ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। পাশে রক্তমাখা ইট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনই জানা যায়নি।’



