ঘিওরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ

হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Ghior
ঘিওরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ঘিওরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন |ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের ঘিওরে মৌহালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: হাসান আলীর (৪০) ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকগঞ্জের শিক্ষক সমাজ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ঘিওর পাবলিক লাইব্রেরি গেট ও ঘিওর থানার সামনে উপজেলা নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একজন শিক্ষককে বিদ্যালয়ের সামনে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের ঘটনা শুধু শিক্ষক সমাজ নয়, পুরো সমাজ ব্যবস্থার জন্যই লজ্জাজনক। ঘটনার বেশ কিছুদিন পার হলেও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেয়ায় শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে নেতৃত্ব দেন ঘিওর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো: মাসুদুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান শিকদার, সহকারী প্রধান শিক্ষক আফজাল হোসেনসহ শিক্ষক নেতারা। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ থেকে ৭০ জন শিক্ষক-কর্মচারী অংশ নেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে মৌহালী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হাসান আলী বিদ্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ আলমাস সিকদার (১৬), মিঠুন মিয়া (১৫) এবং আরো কয়েকজন অজ্ঞাতপরিচয় কিশোর গ্যাং সদস্য অতর্কিতে তার ওপর হামলা চালায়। এ সময় শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করে তারা পালিয়ে যায়। অভিযুক্তদের বাড়ি পার্শ্ববর্তী শিবালয় উপজেলার সাড়াসিন গ্রামে।