রাজধানীর শিল্পাঞ্চল আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় ফয়সাল মোল্লা (৩৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (১৫ এপ্রিল) বেলা ৩টার দিকে আশুলিয়ার শ্রীখন্ডিয়া মোল্লাবাড়ি এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল মোল্লা আশুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হুমায়ুন মোল্লার ছেলে।
নিহতের বাবা হুমায়ুন মোল্লা অভিযোগ করে বলেন, মূলত মাদক ব্যবসাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। এখানে একটি হাউজিং আছে। ওই হাউজিংয়ে প্রকাশ্যে মাদক বিক্রি হয়। ওই ব্যবসায় বাধা দেয়াতেই আমার ছেলেকে হত্যা করা হয়েছে।
হুমায়ুন মোল্লা আরো বলেন, যারা মাদক বিক্রি করে তাদের দু’টি মোবাইলফোন নিয়ে এসেছিল আমার ছেলে। কিন্তু সেগুলো আবার ফেরতও দিয়ে দেয়। এর ফলে স্থানীয় বিপু নামের এক মাদকের ডিলার আমাকে ফোন দিয়ে আমার ছেলেকে হত্যা করবে বলে হুমকি দেয়। আর সেটাই করল। প্রকাশ্যে কুপিয়ে আমার ছেলেকে হত্যা করল তারা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।



