জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় পানীয় ‘স্ক্যাপ’ উদ্ধার করা হয়েছে। এসময় মাদককারবারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ।
আটকরা হলেন উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মীরপাড়ার মহিদুল ইসলামের
ছেলে নুরুল ইসলাম (২৫) এবং আলেক মন্ডলের স্ত্রী খাদিজা বেগম (৫০।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক পাচার ও বিক্রির উদ্দেশে ভারতীয় নেশাজাতীয় পানীয় মজুদের খবর পেয়ে জীবননগর থানার একটি বিশেষ টিম অভিযান চালায়। অভিযানে এসআই মো: সেকেন্দার আবু জাফর, এসআই পবিত্র কুমার ও এসআই শাহিন আলমসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ২৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় পানীয় ‘স্ক্যাপ’ জব্দ করা হয়।
উদ্ধার হওয়া ভারতীয় ‘স্ক্যাপ’ বাংলাদেশে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য 'স্ক্যাপ' উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান। প্রয়োজনীয়
আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’



