চাঁদাবাজি নির্মূলে ধর্মমন্ত্রীর কঠোর নির্দেশনা, সফল হলে প্রশাসনকে পুরস্কারের ঘোষণা

‘দলীয় পরিচয়ে কেউ কোনো অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসন আইন অনুযায়ী চলবে।’

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ |নয়া দিগন্ত

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মন্ত্রীর নিজ সংসদীয় আসন কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, ‘যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক নির্মূল করতে হবে। মুরাদনগর থেকে মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করা হবে।’

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘দলীয় পরিচয়ে কেউ কোনো অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসন আইন অনুযায়ী চলবে।’

সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলবাজিকে কঠোর হস্তে দমন করতে প্রশাসনের প্রতি অনুরোধ করেন তিনি। পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এর আগে, সকাল পৌনে ১১টার দিকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের গাড়িবহর মুরাদনগর উপজেলা পরিষদে প্রবেশ করলে তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ধর্ম মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা জানাতে নেতাকর্মী ও জনসাধারণের ঢল নামে।