ফটিকছড়িতে চোর সন্দেহে এক ভাইকে পিটিয়ে হত্যা, আরেক ভাই আহত

নিহত নুরুল আবছার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোন্দকার পাড়া বাগানের টিলা এলাকার নবিদুর রহমানের ছেলে।

Location :

Fatikchhari

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সামাজিক শালিস বৈঠকে ডেকে নিয়ে নুরুল আবছার (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ভাই মো. রাসেল (৩২) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আবছার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোন্দকার পাড়া বাগানের টিলা এলাকার নবিদুর রহমানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় সাম্প্রতিক চুরি ও ডাকাতি প্রতিরোধে কয়েকটি সমাজের উদ্যোগে একটি শালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত থাকার জন্য নির্দিষ্ট কয়েকজনকে ডাকা হয়, যাদের মধ্যে নুরুল আবছার ও তার ভাই রাসেলও ছিলেন।

বৈঠকে উপস্থিত হওয়ার পর আলোচনার একপর্যায়ে সেখানে থাকা কিছু ব্যক্তি তাদের ‘চোর’ সন্দেহে হঠাৎ আক্রমণ করে। এ সময় দুই ভাইকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তারা গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আবছারকে মৃত ঘোষণা করেন। আহত রাসেল চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, আহত রাসেলের বিরুদ্ধে আগে একটি চুরির মামলা রয়েছে।

এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “নিহতের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তা বিচারের জন্য আইন ও প্রশাসন রয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এটি একটি জঘন্য অপরাধ।”

তিনি আরো জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য বিশেষ অভিযান শুরু হয়েছে ।