সিসিকের সব জনবান্ধব প্রকল্প অনুমোদন করবে সরকার : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রতীকের বিষয়ে নিষ্পত্তি ও সংসদে আইন পাশ হলে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম |নয়া দিগন্ত

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনবান্ধব সব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অনুমোদনের আশ্বাস দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে নগর ভবনে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মানুষের সুবিধার বিষয়টি অধিক গুরুত্ব দিচ্ছি। তাই প্রকল্প অবশ্যই জনবান্ধব হতে হবে। নাগরিকদের কাজে লাগে এরকম প্রকল্প অগ্রাধিকার দিয়ে আমরা যত দ্রুত সম্ভব অনুমোদন করব।’

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নবনিযুক্ত প্রশাসকের প্রশংসা করে বলেন, ‘আব্দুল কাইয়ুম চৌধুরীর যেমন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে, তেমনি রয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন কাজের অভিজ্ঞতা। তিনি সিলেটের উন্নয়নের রূপকার, সাবেক অর্থ ও পরিকল্পনা এম সাইফুর রহমানর সাথেও কাজ করেছেন। আশা করি তার নেতৃত্বে সিলেট হবে একটি আধুনিক নগর।’

সরকারের ওপর নির্ভরতা কমিয়ে সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

এ সময় ছড়া, খাল খনন করে দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিলেট সিটি করপোরেশনের অধীনে সিটি ওয়াসা স্থাপনসহ বিভিন্ন প্রকল্প প্রণয়নের পরামর্শও দেন প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি জানান, দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হওয়ার ব্যাপারে অন্তঃবর্তীকালীন সরকার একটা অধ্যাদেশ জারি করেছিলেন। আগামী ১২ মার্চ এ অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি করবে না এটা ওইদিন সিদ্ধান্ত হবে। তারপরই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সিদ্ধান্ত হবে।

প্রতীকের বিষয়ে নিষ্পত্তি ও সংসদে আইন পাশ হলে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে বলেও জানান তিনি।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘মানুষ বুক ভরা আশা নিয়ে আমাদেরকে ভূমিধস বিজয় উপহার দিয়েছে। তাদের প্রত্যাশা ধারণ করেই আমাদেরকে পথ চলতে হবে।’

সিলেটকে বাংলাদেশের নাম্বার ওয়ান দৃষ্টিনন্দন আধুনিক নগর হিসেবে গড়তে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘বাসযোগ্য আধুনিক নগর গড়তে সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের যেমন সহযোগিতা প্রয়োজন তেমনি, নাগরিকদেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কারণ নাগরিকদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সুন্দর নগর গড়া সম্ভব নয়।’

সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার চলমান বিভিন্ন প্রকল্প ও বাস্তবায়নাধীন প্রকল্প সম্পর্কে অবহিত করেন।

মতবিনিময় সভায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাসের আহমেদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো: আলী আকবর, সচিব বিশ্বজিত দেব, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হকসহ সিটি করপোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।

সকাল ৮টা ৫০ মিনিটে প্রতিমন্ত্রী বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী আলী আকবর প্রমুখ।

এরপর প্রতিমন্ত্রী সিলেট সার্কিট হাউসে সিলেটের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করে মীর শাহে আলম রিকাবীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়াম, ধোপাদিঘিরপাড় ওয়াকওয়ে এবং জেল কলোনি পরিদর্শন করেন তিনি।