ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদীয় আসনে ১৫টি খাল খনের জন্য
আধা সরকারিপত্র (ডিও লেটার) দিয়েছেন এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ে পৃথক দু’টি ডিও লেটারে উল্লেখিত খাল খননে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর দেয়া ডিও লেটারে বিজয়নগর উপজেলার বেমালিয়া খাল, আশুগঞ্জের দগরীসাল খাল, ভবানীপুর খাল, সরাইলের নীল বিল খাল, মলাইশ ব্রিজ খাল, দেওড়া বড় খাল ও ডাঙ্গীর খাল খননের আবেদন করা হয়।
পানিসম্পদমন্ত্রীর কাছে দেয়া ডিও লেটারে সরাইলের দেওড়া বড় খাল, লাখৌ নদী, জাফর খাল, আশুগঞ্জের আড়াইসিধা হতে বাজার চরচারতলা খাল, আড়াইসিধা খাল, বিজয়নগরের কুদালিয়া খাল, রথানী খাল ও ডাঙ্গীর খাল খননের আবেদন করা হয়।
এ ব্যাপারে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘খালগুলো খনন করা হলে জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি, বন্যা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ও স্থানীয় মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তনসহ কৃষক, জেলেসহ সাধারণ মানুষের অনেক উপকার হবে।’



