তেল পাচার রোধে তাহিরপুর সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

উপজেলার তিনটি শুল্ক বন্দরসহ সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
সীমান্তে বিজিবির নজরদারি
সীমান্তে বিজিবির নজরদারি |নয়া দিগন্ত

সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ মার্চ) সকাল থেকে উপজেলার তিনটি শুল্ক বন্দরসহ সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা এবং ইরান-ইসরায়েল সংঘাতের কারণে

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। এ সুযোগে সীমান্তপথে এক শ্রেণির অসাধু চক্র অধিক মুনাফার আশায় অবৈধভাবে তেল পাচারের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রম।

বিশেষ করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় থাকা তিনটি এলসি পয়েন্টে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। যাতে বাংলাদেশগামী পাথর ও কয়লাবাহী বড় ট্রাক বা ডাম্পার আনলোড করে পার্শ্ববর্তী দেশে প্রবেশের সময় অবৈধভাবে জ্বালানি তেল পাচার করতে না পারে।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘জ্বালানি তেলের মজুদ ও সম্ভাব্য পাচার ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেসব রুট দিয়ে তেল পাচারের আশঙ্কা বেশি, সেসব স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।’

তিনি আরো জানান, জ্বালানি তেল পাচারসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।