কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলা মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মদ তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে গনাই চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাওডাঙা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাঁউকুটি এলাকায় পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার হবিবুর রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে বাংলা মদ তৈরি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণসহ বিপুল পরিমাণ বাংলা মদ জব্দ করা হয়।
এ সময় কারখানার সাথে জড়িত গনাই চন্দ্র নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে কারখানার মূল অভিযুক্ত আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। অভিযানের পর বাড়ির মালিক হবিবর রহমানকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। মূল অভিযুক্ত পলাতক থাকলেও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।



