দেলদুয়ারে ২৭ দিনেও মেলেনি মাদরাসাছাত্রী জাকিয়ার খোঁজ

মেয়েটি প্রায় ২৫ দিন হলো নিখোঁজ। আমরা গ্রামবাসী বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন। তার পরিবার তাদের মেয়েকে না পেয়ে চরম হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। মেয়েটিকে উদ্ধারের ব্যাপারে আমরা থানা পুলিশের সহযোগিতা চেয়েছি। আশা করি এ ব্যাপারে তারা দ্রুতই পদক্ষেপ নেবেন।

Location :

Tangail
নিখোঁজ মাদরাসাছাত্রী জাকিয়া সুলতানা অধরা
নিখোঁজ মাদরাসাছাত্রী জাকিয়া সুলতানা অধরা |নয়া দিগন্ত

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা

২৭ দিন পার হয়ে গেলেও মাদরাসাছাত্রী জাকিয়া সুলতানা অধরার (১৬) সন্ধান এখনো পাওয়া যায়নি। এ নিয়ে চরম হতাশা ও উৎকণ্ঠায় দিন পার করছে তার পরিবার।

নিখোঁজ জাকিয়া পাশ্ববর্তী গ্রামের ধুলটিয়া রাহমানিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।

জানা যায়, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার করটিয়া ইউনিয়নের আলসা গ্রামের বাসিন্দা মো: জয়নাল মিয়ার মেয়ে জাকিয়া সুলতানা অধরা গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর রাত পেরিয়ে গেলেও জাকিয়া বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন তার সহপাঠি ও নিকট আত্মীয়-স্বজনদের বাড়িতে বারবার খোঁজ করেও তার সন্ধান পায়নি। জাকিয়ার সাথে কারো শত্রুতা বা প্রেমের সম্পর্ক ছিল না বলেও জানিয়েছে তার পরিবার।

এ ব্যাপারে নিখোঁজ জাকিয়ার বাবা জয়নাল মিয়া বলেন, জাতীয় নির্বাচনের পরের দিন বিকেলে আমার মেয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন সে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। মাদরাসা ছুটি হলে সঠিক সময়ে বাড়ি ফিরত। স্বভাবে বেশ সহজ-সরল। আত্মীয়-স্বজনসহ তার সহপাঠিরাও নিখোঁজের ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না। উপায়ন্তর না পেয়ে দেলদুয়ার থানায় সাধারণ ডায়েরি করেছি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরো বলেন, আমার মেয়ে বেঁচে আছে না মারা গেছে আমি জানি না। সরকারের কাছে আমার দাবি, আমার মেয়েকে খুঁজে এনে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমরা আমাদের মেয়ের সন্ধান চাই।

এদিকে জাকিয়ার মা জাকিয়ার খোঁজ না পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

জাকিয়ার ভাই মাসুদ মিয়া জানান, চট্রগ্রামের রাউজান উপজেলার আলিখিল মাদরাসার ছাত্র মোহাম্মদ ওমর হোসাইন নামের এক ছেলের সাথে এর আগে আমার বোন টিকটক করতো বলে জানতে পেরেছি। টিকটকের সুবাধে ওই ছেলের সাথে কোনো সম্পর্কে জড়িয়েছে কি-না বা সেখানে চলে গিয়েছে কি-না নিশ্চিত করে কিছুই বলতে পারছি না।

অত্র গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) নাজমুল ইসলাম রাজু জানান, মেয়েটি প্রায় ২৫ দিন হলো নিখোঁজ। আমরা গ্রামবাসী বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন। তার পরিবার তাদের মেয়েকে না পেয়ে চরম হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। মেয়েটিকে উদ্ধারের ব্যাপারে আমরা থানা পুলিশের সহযোগিতা চেয়েছি। আশা করি এ ব্যাপারে তারা দ্রুতই পদক্ষেপ নেবেন।

এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াৎ হোসেনের সাথে মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।