ফেনীর সোনাগাজী মঙ্গলকান্দি ইউনিয়নে এক মাছ চাষির প্রজেক্ট থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে অজ্ঞাতনামা লুটেরা প্রজেক্টে প্রবেশ করে জাল দিয়ে ধরে সব মাছ তুলে নিয়ে যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মঙ্গলকান্দি এলাকার বাসিন্দা মাঈন উদ্দিন (সুজন) দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির সামনে স্থানীয় এমদাদুল হক বাহাদুরের কাছ থেকে ইজারা নিয়ে একটি মাছের প্রজেক্টে মাছ চাষ করে আসছেন।
বিষয়টি নিয়ে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা শেষে তিনি সোনাগাজী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী মাঈন উদ্দিন বলেন, ‘দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা জানিয়ে বলেন, ‘তদন্ত সাপেক্ষ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



