ঝালকাঠির কিফাইতনগর এলাকায় গাবখান নদীতে গোসল করতে নেমে আলিফ (১৫) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঈদের পাঁচদিন আগে আলিফ তার নানাবাড়িতে বেড়াতে আসে। সে ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে। দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সাথে নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে আলিফ সাঁতার জানতো না।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার ইউনুছ জানান, আলিফ নদীতে ডুবে যেতে দেখে তিনি দ্রুত পানিতে ঝাঁপ দেন। তবে এখনো তাকে খুঁজে পাননি।
এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহবুব হোসেন জানান, নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বরিশাল থেকে ডুবুরির একটি দল এসে অভিযানে যোগ দিয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।



