পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে ২ সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও ময়মনসিংহের গফরগাঁও অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Pakundia
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও ময়মনসিংহের গফরগাঁও অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা থেকে গফরগাঁওয়ের দত্তের বাজার এবং মির্জাপুর বাজার থেকে পাগলা থানার টাংগাব পর্যন্ত সেতু দুটির সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত রোববার (১৬ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সফরকালে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকার এক জনসভায় প্রধানমন্ত্রী এই সেতু দুটি নির্মাণের প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়ে চিঠি পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং ‘মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব মো: উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার সচিবকে দ্রুত সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত অনুলিপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, একান্ত সচিব এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের কাছে।

প্রস্তাবিত সেতু দুটি নির্মিত হলে পাকুন্দিয়া ও গফরগাঁওয়ের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে দুই অঞ্চলের উৎপাদিত কৃষি ও শিল্পপণ্য সহজেই পরিবহনের সুযোগ তৈরি হবে, যা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।