সাতকানিয়ায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মনজুর আলম, সাতকানিয়া (চট্টগ্রাম)

Location :

Satkania
সাতকানিয়া থানা, চট্টগ্রাম
সাতকানিয়া থানা, চট্টগ্রাম |নয়া দিগন্ত

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেওদীঘি বাজারের পশ্চিম পাশে, ভূমি অফিসসংলগ্ন ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকালের দিকে ভূমি অফিসের দক্ষিণ পাশে বিলে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানা-পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জহির আমিন জানান, খবর পেয়ে দেওদীঘি ভূমি অফিসের দক্ষিণ পাশের বিল থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৫৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, হয়তো লাশটি বন্যার পানিতে ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে তলিয়ে গিয়ে ভাসতে ভাসতে লাশটি এখানে এসে ঠেকেছে। যেহেতু লাশের পরিচয় ও তার স্বজনদের এখনো খোঁজ মেলেনি, তাই ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিশ্চিত করে এখন কিছু বলা যাচ্ছে না।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, উদ্ধার হওয়া লাশটি কয়েক দিন আগে থেকে পানিতে ডুবে ছিল। তাই লাশ থেকে খুব বেশি দুর্গন্ধ বের হচ্ছে। লাশের পরিচয় পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের জন্য লাশটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।